News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ক্লাবের শুভ উদ্বোধন
২৯ জুন, ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ক্লাব-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব সোহরাব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর জনাব উম্মে শিয়ামী শাহতাজ। এ সময় একই বিভাগের প্রভাষক জনাব উদ্বব কুন্ডু, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে দক্ষ, সৃজনশীল ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেকসই পর্যটনের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল ও দক্ষ করে গড়ে তুলতে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ক্লাবটির পথচলা শুরু হয় নতুন উদ্যম, সৃজনশীলতা ও সম্ভাবনার প্রত্যয়ে। উপস্থিত অতিথিবৃন্দ ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।


Bandarban University