News
বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, চট্টগ্রাম পরিদর্শন
২৩ জুন ২০২৬ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫ জন শিক্ষক এবং শিক্ষার্থী একটি শিক্ষা সফরের অংশ হিসেবে বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, চট্টগ্রাম পরিদর্শন করে। এই সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কাঠামো সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি এবং অন্যান্য সম্মানিত অফিসার এবং কর্মকর্তাবৃন্দ। সফরকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো, প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা এবং জাতীয় পর্যায়ে এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের ট্রেনিং সেন্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দেওয়া হয়, যার মাধ্যমে তারা প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সফরে অংশগ্রহণ করেন গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, বিবিএর কো-অর্ডিনেটর চিং চিং প্রু সুকি এবং এমবিএর কো-অর্ডিনেটর উদ্বব কুন্ডু।
এই শিক্ষা সফরটি আয়োজন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোঃ সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ,পিএসসি, পিএইচডি (অবঃ)। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের পাঠ্যজ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার একটি মূল্যবান সুযোগ সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ট্রেনিং সেন্টারের সম্মানিত কর্মকর্তাবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। তাঁদের আন্তরিক সহযোগিতা, উষ্ণ অভ্যর্থনা এবং জ্ঞানসমৃদ্ধ দিকনির্দেশনা এই শিক্ষা সফরকে ফলপ্রসূ ও স্মরণীয় করে তুলেছে।
আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপস্থিত সম্মানিত কর্মকর্তাবৃন্দকে:
* কর্নেল আবদুল্লাহ আল জাহিদ — ডেপুটি কমান্ড্যান্ট
* লে. কর্নেল শেখ মোহাম্মদ মুশাহিদ মাসুম — পরিচালক (কলেজ শাখা)
* লে. কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার — পরিচালক
* মেজর দেওয়ান মাহমুদ ইয়ের চৌধুরী — অতিরিক্ত পরিচালক (প্রশাসন)
* মেজর জহির উদ্দিন মোহাম্মদ বাবর — অতিরিক্ত পরিচালক (সমন্বয়)
* মেজর মোঃ রাকিব উদ্দিন — কোম্পানি কমান্ডার
* মেজর মোঃ ফজলে রাব্বি — কোম্পানি কমান্ডার
বান্দরবান বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন কার্যকর ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ।


Bandarban University